এস এম মোতাহিরুল হক শাহিন: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর সঙ্গে তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধি একে অপরের পরিপূরক। সম্মিলিতভাবে কাজের মাধ্যমে উপজেলাকে একটি আধুনিক ও আদর্শ মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া হাসপাতালের সেবার মানোন্নয়ন, সমাজসেবামূলক কাজে গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, ডা. মাহমুদুল হক, অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. আফতাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
