Category: রাজনীতি

  • ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত : ডা. শফিকুর রহমান

    ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত : ডা. শফিকুর রহমান

    ডেস্ক রিপোর্ট: সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের বিপরীতে কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে। তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে তাদের দল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক মানবতার জন্য জনগণের ক্ষতি হবে এমন কোনো পরিস্থিতি সরকারের কিংবা বিরোধীদলের পক্ষ থেকে ঘটতে দেওয়া হবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধীদল প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকবে। জামায়াত রাজনৈতিক দল হিসেবে প্রতিটি ভালো কাজের জন্য সরকারের সঙ্গে থাকবে জানিয়ে তিনি বলেন, যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে তাদের ইচ্ছা, এমন পরিস্থিতি যেন গড়ে না ওঠে যেখানে প্রতিরোধের প্রয়োজন হয়। ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, বিরোধীদল সরকারের সঙ্গে সহযোগিতা করতে চায়, কিন্তু জাতীয় স্বার্থ বিপন্ন হলে জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করতে তারা সজাগ থাকবে।

  • জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে সরকারি দল, শহীদদের সম্মানেই মন্ত্রীদের শপথে যাইনি: জামায়াত আমির

    জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে সরকারি দল, শহীদদের সম্মানেই মন্ত্রীদের শপথে যাইনি: জামায়াত আমির

    ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ছিল তাদের মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাওয়ার। কিন্তু আমরা মানসিকভাবে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদের অশ্রদ্ধা করতে পারি না।’ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং শপথ গ্রহণ নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন। শপথের প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদেরকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে দুটি শপথের কথা বলা হয়েছিল। সংসদ সদস্যদের পরে সংবিধান সংস্কার পরিষদের গণভোটের শপথ।’ তিনি আরও বলেন, ‘আমরা রুমে প্রবেশ করার পর সচিব জানালেন সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আমরা দুটো নিলাম।’ ২০২৬ সালের এই নির্বাচনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘২০২৬ সালে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। ২৪ এর গণঅভ্যুত্থানের কারণে এই নির্বাচন হয়েছে। শপথের বিষয়ে আমরা হয়তো ভিন্ন চিন্তা করতে পারতাম। কারণ জুলাইয়ের আকাঙ্খা ও গণভোটের রায়কে আমরা দায়িত্ব বলে গণ্য করেছি। আমরা গণভোটের রায় ও জুলাই এর আকাঙ্ক্ষাকে সম্মান করেছি।’ সরকারি দলের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘’সরকারি দল ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে। এটা জনআকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও তারা ভিন্ন বক্তব্য দিয়েছেন। যদি তারা জুলাইকে সম্মান করেন, সংষ্কারকে ধারণ করেন তাহলে তারা সেই শপথ নেবেন। যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনিও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চেয়েছেন।’’ শপথের বৈধতা ও জুলাই বিপ্লবের মর্যাদা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘কার কাছে শপথ নেবে সেটা তারা তাদের পছন্দমতো ব্যক্তির কাছে নিতে পারেন। কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে। জুলাইকে অসম্মান, অশ্রদ্ধা ও স্বীকৃতি না দিয়ে ২৬ এর এই পার্লামেন্ট গৌরবের আসনে বসতে পারবে না।’ কেন জামায়াত মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ছিল তাদের মন্ত্রীদের শপথে যাওয়ার। কিন্তু আমরা মানসিকভাবে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদের অশ্রদ্ধা করতে পারি না। যার কারণে শত ইচ্ছা থাকলেও আমরা শপথে যেতে পারলাম না। এজন্য আফসোস থাকল।’

  • শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

    শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

    এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে প্রথমে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দল ও জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। জামায়াতে ইসলামী ও জোটের সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। পরে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এনসিপি’র সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। এরপর সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। একাই শপথ নিলেন জোনায়েদ সাকি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাদে কেউ জয়ী না হওয়ায় দলটির পক্ষ থেকে একমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দেশের ইতিহাসে প্রথম কোনও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের শপথ পাঠ করাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং দলের অন্য নেতারা। তবে নির্বাচনে জোনায়েদ সাকি বাদে কেউ জয়ী না হওয়ায় দলটির পক্ষ থেকে একমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল মতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে ২০৯টিতে আসনে জয় পায় বিএনপি। ফলে ২০ বছর পর আবারও সরকার গঠন করে রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে দলটি। এ ছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

     

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের শপথ গ্রহণ

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের শপথ গ্রহণ

    স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে। এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।

     

  • সাবেক শিবির সভাপতি আব্দুর রকিবের ইন্তেকালে জামায়াতের শোক

    সাবেক শিবির সভাপতি আব্দুর রকিবের ইন্তেকালে জামায়াতের শোক

    নাজমুল হক খান, পাটকেলঘাটা: তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত আব্দুর রশিদ মাস্টারের পুত্র আব্দুর রকিব সরদার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৩ পুত্র, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুর রকিব সরদার ১৯৯৭ সালে ইসলামী ছাত্র শিবিরের তালা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহ এবং সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী শোকবার্তা প্রদান করেন। তারা বলেন, মরহুম ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং তার প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

  • তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি মন্ত্রণালয়ে নিতাই রায়

    তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি মন্ত্রণালয়ে নিতাই রায়

    ডেক্স রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার ২৫ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির মিডিয়া সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী-কে। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এর আগে জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

  • আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

    আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

    ডেক্স রিপোর্ট: মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দিয়ে তাদের নিয়োগ দেয়া হয়। মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। হুমায়ূন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন, রেহান আসিফ আসাদ।

  • গণভোটের ফল স্থগিত রিটের বিপক্ষে লড়বেন শিশির মনির

    গণভোটের ফল স্থগিত রিটের বিপক্ষে লড়বেন শিশির মনির

    স্টাফ রিপোর্টার: গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। শিশির মনির বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করবো ইনশাআল্লাহ। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। দেশজুড়ে অনুষ্ঠিত এ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

     

     

  • শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে হ্যাচারীর জমি দখলের অভিযোগ

    শ্যামনগরে যুবদল নেতার বিরুদ্ধে হ্যাচারীর জমি দখলের অভিযোগ

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিড়ালাক্ষ্মী গ্রামে রেডিয়েন্ট হ্যাচারীর প্রায় দুই বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা জি. এমন হাবিবুল্লাহ এর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার বিকালে হাবিবুল্লাহ নিজ কর্মী-সমর্থক নিয়ে হ্যাচারীর সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করে এবং বাঁশ ও নাইলন দিয়ে ঘেরা বানিয়ে নেয়। হ্যাচারীর মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। হ্যাচারীর ম্যানেজার জামাল হোসেন জানান, দীর্ঘদিনের ব্যবহৃত উক্ত জমি রঞ্জিলা খাতুন নামের এক নারীর জন্য বরাদ্দ ছিল। হাবিবুল্লাহর ১২-১৪ জন সহযোগী ওই জমি দখল করার সময় প্রাচীর ভেঙে নারীর যাতায়াতের সুবিধা রেখেছেন। হাবিবুল্লাহ দাবি করেন, হ্যাচারীর মালিক সফিকুর রহমান তাঁর পরিবারের কাছে ১ কোটি ২৮ লাখ টাকা দেনা রাখায় ওই জমি ব্যবহার করেছেন। তিনি বলেন, “টাকা পরিশোধ করলে জমি ফিরিয়ে দেয়া হবে।” উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির বলেন, “কেউ টাকা পেলে তার জন্য আইন আছে, কিন্তু এভাবে কারও জায়গা-জমি দখল করা কখনোই গ্রহণযোগ্য নয়।” স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উত্তেজনা রয়েছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।