Category: খেলাধুলা

  • খেলাধুলা মেধা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: জেলা প্রশাসক

    খেলাধুলা মেধা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: জেলা প্রশাসক

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং কোচিংনির্ভর হয়ে পড়ছে। খেলাধুলা মেধা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো তোমরাও একদিন জাতীয় দলে খেলতে পারবে।’ তিনি উপজেলা পর্যায়েও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইম ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার প্রধান জালাল আহমেদ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ তৈয়েব হাসান সামছুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বাংলাদেশ আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান সৈকতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। টুর্নামেন্টে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সরকারি উচ্চ বিদ্যালয়।
    দ্বিতীয় ম্যাচে অংশ নেয় কারীমা মাধ্যমিক বিদ্যালয় ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। উদ্বোধনী দিনের খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ওয়াহিদুজ্জামান শামীম ও ফিরোজ রহমান। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন জিএম সাইফুল ইসলাম বাপ্পি। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, প্রাইম ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

    সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা স্টেডিয়ামে আজ, ৬ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ৮ টায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সারা দেশের ন্যায় সাতক্ষীরার ক্রীড়া প্রেমীরা র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিনটি স্মরণীয় করে তুলেছেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান সামছুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, রাইফেল ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, ক্রিকেট কোচ আলতাফ হোসেনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা ক্রীড়া চর্চা ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী করার এক অনন্য উদাহরণ হয়ে রইল।

  • চলতি বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিসিবি

    চলতি বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিসিবি

    চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে। ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। এবারের চুক্তিতে নেই ‘এ’ প্লাস ক্যাটাগরি। চারটি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি এবার। তবে বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। আগের ২২ থেকে এবার বেড়ে হয়েছে ২৮। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই। এ গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৮ লাখ টাকা। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। বি গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক ৬ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার-মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। সি গ্রেডে বেতন ৪ লাখ-সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব। আর সর্বশেষ ডি গ্রেডে বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।

  • কলারোয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

    কলারোয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

    স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীন ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক ফুটবলার রবিউল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রশিক্ষণপ্রাপ্ত কোচ ও কলারোয়া ফুটবল একাডেমির পরিচালক সাইদ আলী গাজী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কোচ মাসুদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। মাসব্যাপী এ প্রশিক্ষণে ৪০ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

  • নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি গঠন

    নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি গঠন

    হারুন উর রশীদ,কালিগঞ্জ: ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠে দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে নলতা শরীফ ক্রিকেট একাডেমিতে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বিদ্যালয়ের এডিশনাল বিল্ডিংয়ের হল রুমে অনুষ্ঠিত কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান হোসেন। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, প্রধান কোচ মোঃ রবিউল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকরা। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ আকছেদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ অজিবর রহমান, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম (তপু)। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ রমজান হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুম ইবনে মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রধান কোচ মোঃ রবিউল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ গোলাম মোস্তফা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ আকরাম হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন।

     

  • সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল

    সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল

    অনলাইন ডেস্ক: তামিম ইকবাল অধ্যায়ের অবসান তো হলো। এবার কি তবে সাকিব আল হাসান? অবস্থাদৃষ্টে সেটাই মনে হচ্ছে। বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় আগামীকাল ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দলে তাঁর না থাকাটা একরকম নিশ্চিত। সে ক্ষেত্রে প্রশ্নটা আসেই—তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কি এখানেই শেষ?
    কাল রাত পর্যন্ত যা খবর, সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে কোনো ইতিবাচক খবর পায়নি বিসিবি। এটাও বোঝা যাচ্ছে যে দল ঘোষণার আগে সেরকম কোনো খবর আসার সম্ভাবনাও নেই। এদিকে বিসিবি মনে করে না যে শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্টে খেলার মতো অবস্থায় আছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির দলে তাই সাকিব থাকছেন না বলে নিশ্চিত করেছে বিসিবির একাধিক সংশ্লিষ্ট সূত্র।
    তাতে অবশ্য অকূল পাথারে পড়ে যাচ্ছে না গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। কারণ, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা শুরু থেকে কমই ছিল। নির্বাচকেরা তাই অনেকটা সেভাবেই দল গুছিয়ে রেখেছেন। সাকিব, তামিম খেললে তখন তাতে কাটছাঁটের প্রশ্ন আসত। তবে হ্যাঁ, ওপেনিংয়ে তামিমের অভিজ্ঞতা আর অলরাউন্ডার সাকিবের একের ভেতর দুই সত্তাকে তো মিস করবেই বাংলাদেশ। সমারসেট–সারে ম্যাচে বোলিং করছেন সাকিব। এই ম্যাচেই প্রশ্ন উঠেছে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে
    সমারসেট–সারে ম্যাচে বোলিং করছেন সাকিব। এই ম্যাচেই প্রশ্ন উঠেছে তাঁর বোলিং অ্যাকশন নিয়েছবি: ভিডিও থেকে নেওয়া
    গত সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে ম্যাচে। সারের হয়ে টন্টনের সে ম্যাচে ১১১ রানে হেরে গিয়েছিল সাকিবের দল। কিন্তু দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে সাকিব নিয়েছিলেন ৯ উইকেট। ম্যাচের প্রায় দুই মাস পর জানা যায়, ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।

  • জয়ের ধারায় ফিরল রাজশাহী, বাড়ছে ঢাকার অপেক্ষা

    জয়ের ধারায় ফিরল রাজশাহী, বাড়ছে ঢাকার অপেক্ষা

    নিউজ অনলাইন: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারলেও জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এনামুল হক বিজয়ের ব্যাটে ভর করে তাদের হারিয়েছে ৭ উইকেটে।
    বৃহস্পতিবার (২ জানুযারি) দিনের প্রথম ম্যাচে প্রথম জয়ের খুঁজে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। উভয় দল হেরেছিল তাদের প্রথম ম্যাচে। যেখানে রাজশাহী উত্তীর্ণ হলেও আসরে প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা বাড়ল ঢাকার।
    এ দিন টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৪ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী। বিজয় ৪৬ বলে ৭৩ ও রায়ান বার্ল করেন ৩৩ বলে ৫৫ রান। অবশ্য রান তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। মোহাম্মদ হারিস ১২ রানে ফেরেন প্রথম ওভারেই। আর ৩.৫ ওভারে ৮ বল খেলে ০ রানে ফেরেন জিশান আলম। প্রথম ম্যাচেও ডাক মেরেছিলেন জিশান। ৩১ রানে ২ উইকেট হারানোর পর এনামুল হক বিজয় ও ইয়াসির আলি মিলে যোগ করেন ৩৩ বলে ৪২ রান। ইয়াসির (২২) ফিরলে এবার বিজয় হাল ধরেন রায়ান বার্লকে নিয়ে। এ জুটিতেই নিশ্চিত হয় জয়। ৫৬ বলে ১০৬ রানের যুগলবন্দী হয় বিজয় ও বার্লের মাঝে। বিজয় আসরে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন। মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু নেন একটা করে উইকেট। এর আগে, মিরপুরে ঝড় তুলেন তাসকিন আহমেদ। একাই তুলে নিলেন ঢাকা ক্যাপিটালসের ৭ উইকেট। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো বাংলাদেশীর সেরা বোলিং। টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে, দু’জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। এ তালিকায় তাসকিন তৃতীয়। আগে ৭ উইকেট নেয়া দু’জন হলেন কোলিন অ্যাকারম্যান ও মালয়েশিয়ার সৈয়াজরুল ইদরুস। এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। লিটন দাসকে ০ ও তামজিদ হাসান তামিমকে তাসকিন ফেরান ৯ রানে। ১৪ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে দেন স্টিফেন ইস্কিনাজাই ও শাহাদাত হোসেন দিপু। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৯ রান যোগ করেন দু’জনে। ইস্কিনাজাই ২৯ বলে ৪৬ করে আউট হলে ভাঙে জুটি। এরপর থিসারা পেরেরার সাথে আরো ৩৬ রান যোগ করেন শাহাদাত। পেরেরা আউট হোন ৯ বলে ২১ করে। শাহাদাতও ফেরেন খানিকটা পর। তার আগে অবশ্য ফিফটি তুলে নেন। তাসকিনের বলে আউট হোন ৪১ বলে ৫০ রান করে। চতুরঙ্গা ডি সিলভাকেও এ পেসার ফেরান একই ওভারে। তাসকিন তার শেষ ৩ উইকেট নেন শেষ ওভারে এসে। পরপর দু’ বলে ফেরান আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলামকে ফেরানোর পর এক বল পর ফেরান শুভম রঞ্জনকেও (১৩ বলে ২৪)।

  • ঢাকাকে ১৯২ রানের টার্গেট দিলো রংপুর

    ঢাকাকে ১৯২ রানের টার্গেট দিলো রংপুর

    অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান করেছে রংপুর রাইডার্স। পাকিস্তানের দু’ ব্যাটার ইফতিখার আহমেদ ৪৯ ও খুশদিল শাহ অপরাজিত ৪৬ এবং সাইফ হাসান ৪০ রান করেন।
    সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৪ রান তুলে রংপুর রাইডার্স। আফগানিস্তানের স্পিনার আমির হামজার বলে দু’টি চার ও একটি ছক্কা মারেন রংপুরের যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর।
    মারমুখী শুরুর পর দলীয় ২০ রানে দু’ ওপেনার টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে হারায় রংপুর। টেইলর ৭ বলে ১৪ ও হেলস ৫ রানে আউট হন। শুরুর ধাক্কা সামাল দিতে তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন সাইফ ও পাকিস্তানের ইফতিখার। দু’টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসানকে শিকার করে জুটি ভাঙ্গেন ঢাকার পেসার আলাউদ্দিন বাবু।
    হাফ-সেঞ্চুরি দোরগোড়ায় গিয়ে বাবুর শিকার হন ইফতেখার। আটটি চারে ৩৮ বলে ৪৯ রান করেন ইফতিখার।
    ইফতিখারের বিদায়ে ক্রিজে এসে ক্যামিও ইনিংস খেলে রংপুরের রান দেড়শ পার করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় ১৭৩ রানে আউট হবার আগে ছয়টি চারে ১১ বলে ২৫ রান করেন তিনি।
    ইনিংসের শেষ পর্যন্ত খেলে রংপুরকে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ এনে দেন খুশদিল। তিনটি করে চার-ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেন খুশদিল। বাবু ৪৩ রানে তিনটি ও মুকিদুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নেন।
    এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ক্যাপিটালস বিনা উইকেটে ৬.৩ ওভারে ৫৯ রান করে।

  • উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের

    উদ্বোধনী ম্যাচেই মাহমুদউল্লাহ শো, অবিশ্বাস্য জয় বরিশালের

    অনলাইন : হারের পথেই ছিল বরিশাল। একটা সময় মনে হচ্ছিল হয়তো তিন অংকের ঘরেও পৌঁছাতে পারবে না বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফাহিম আশরাফের সাথে মিলে দলকে এনে দিলেন অবিশ্বাস্য জয়।
    সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচেই জমজমাট লড়াই হয়ে গেল। চিরচেনা ম্যারমেরে ভাব কাটিয়ে রান উঠলো দুই ম্যাচেই। যেখানে রাজশাহীর ৩ উইকেটে তোলা ১৯৭ রানের পুঁজি ১১ বল আর ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে বরিশাল।
    জাতীয় দলের আদলে গড়া জয় নিয়ে বিপদেই পড়ে গিয়েছিল বরিশাল। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮.১ ওভারে মাত্র ৬১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। বেরিয়ে আসে ইনিংসের লেজ। জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী।
    তবে মাহমুদউল্লাহ মাঠে নেমে যেন ধীরে ধীরে সেই স্বপ্ন ফ্যাকাসে করে তুলেন। প্রথমে শাহীন আফ্রিদির সাথে তুলেন ২৫ বলে ৫১ রান। শাহিন ১৭ বলে ২৭ করে ফিরলে ভাঙে জুটি। তবে ফাহিম আশরাফ আর থামেননি। দু’জনের জুটিতে যোগ হয় ৩৫ বলে ৮৮*।
    মাহমুদউল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ৫৬ করে। ফাহিম আশরাফের ব্যাটে আসে ২১ বলে ৫৪* রান। বৃথা যায় তাসকিন আহমেদে ৩১ রানে নেয়া ৩ উইকেট। জোড়া উইকেট নেন হাসান মুরাদ।
    এর আগে প্রথম বলেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় বরিশাল। পরের ওভারে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল (৭)। তাওহীদ হৃদয় (৩২) একপাশ আগলে রাখলেও কাইল মায়ার্স ৫ বলে ৬ ও মুশফিকুর রহিম ফেরেন ১১ বলে ১৩ রানে।
    ইদিন টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী ১৯৭ রান তুলে ইয়াসির আলি ও এনামুল হক বিজয়ের ব্যাটে। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির, ৫১ বলে ৬৫ রান করেন বিজয়।

  • ভারত-বাংলাদেশ সিরিজ

    ভারত-বাংলাদেশ সিরিজ

    টি-টোয়েন্টিতে একাধিক তারকাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ভারতের

    ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিলসহ একাধিক তারকাকে আসন্ন বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং এর ফলে ভারতীয় দল থেকে ব্রাত্য ইশান কিশানের জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গিলকে বিশ্রাম দেওয়া হচ্ছে, যা বিসিসিআইর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত।

    গিল বর্তমানে ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম মূল স্তম্ভ, বিশেষ করে তিন ফরম্যাটেই। তাকে বিশ্রাম দেওয়ার কারণ হিসেবে টিম ম্যানেজমেন্ট তার টেস্ট ক্রিকেটে গুরুত্বকে অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে ১০টি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে গিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

    শুভমান গিল ছাড়াও রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন। এদিকে, বাংলাদেশ সফরের পর ভারত একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে নামতে চলেছে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের একটি কঠিন সিরিজ রয়েছে।

    একজন বিসিসিআই সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘শুভমান গিলকে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হবে। ৭ অক্টোবর (গোয়ালিয়র), ১০ অক্টোবর (দিল্লি) এবং ১৩ অক্টোবর (হায়দ্রাবাদ) টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। মাত্র তিন দিনের ব্যবধানে এত গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় গিলকে বিশ্রাম দেওয়া প্রয়োজন।’

    টি-টোয়েন্টিতে একাধিক তারকাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ভারতের

    এদিকে, ইশান কিশানের জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা নতুন করে উজ্জ্বল হয়েছে। কিছুদিন আগেই ইশান বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যখন তিনি জাতীয় নির্বাচনের জন্য নিজেকে অনুপলব্ধ করেছিলেন এবং পরে ঝাড়খণ্ড দলের হয়েও খেলেননি। এতে তার জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। তবে, ইশান সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং ঝাড়খণ্ডের হয়ে বুচি বাবু ইনভিটেশনাল টুর্নামেন্টে খেলেছেন। এছাড়া, দুলীপ ট্রফিতে ভারত সি দলের হয়ে একটি সেঞ্চুরি করে নিজের ফর্ম প্রমাণ করেছেন।

    প্রতিবেদন অনুযায়ী, ঋষভ পান্তকেও টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে এবং এর ফলে ইশান কিশান উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেতে পারেন।