এস.এম মোস্তাফিজুর রহমান: আশাশুনি সদর বাজার ও মরিচ্চাপ ব্রীজ সংলগ্ন নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সরেজমিন পরিদর্শন করেন এবং এক সপ্তাহের মধ্যে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রাথমিক কাজ শুরু করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, এসডিই রাশেদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নির্বাহী প্রকৌশলী জানান, মরিচ্চাপ নদী খননের পর পানির প্রবাহ বেড়ে গিয়ে বাজার সংলগ্ন এলাকায় ভাঙন তীব্র হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হবে এবং স্থায়ী সমাধানের জন্য সিসি ব্লক কাজের প্রস্তাব পাঠানো হবে। স্থানীয়রা জানান, ভাঙনের কারণে বাজার, দোকানপাট, বসতবাড়ি ও মরিচ্চাপ ব্রীজ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে একটি পাকা বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
