এসএম মোস্তাফিজুর রহমান: আশাশুনি উপজেলায় রাতের আঁধারে স্লুইসগেট খুলে দেওয়ায় কপোতাক্ষ নদ থেকে লোনাপানি ঢুকে হাজারো বিঘা ধানক্ষেত তলিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি গ্রামের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালকির স্লুইসগেটের পাট খুলে দেওয়ায় খালপথে লোনা পানি প্রবেশ করে খাজরা ইউনিয়নের গজুয়াকাটি, রাউতাড়া, গোয়ালডাঙ্গা, পিরোজপুর, খালিয়া, ফটিকখালীসহ বড়দল ইউনিয়নের দক্ষিণ বাইনতলা ও পাঁচপোতা গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ১০ হাজার বিঘা জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গজুয়াকাটি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবপ্রসাদ মণ্ডল বলেন, “রাতের অন্ধকারে স্লুইসগেট খুলে দেওয়ার পর থেকে আমাদের শত শত বিঘা জমি লোনাপানিতে তলিয়ে গেছে।” কৃষক সতীশ চন্দ্র বৈদ্য বলেন, “ধান কাটার আগেই জমিতে লোনা পানি ঢুকে পড়েছে। এতে ফসলের পাশাপাশি পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে।” স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র মাছ ধরার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে স্লুইসগেট খুলে দিয়েছে। এতে কৃষি জমির পাশাপাশি পুকুর, গবাদিপশু ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ইউপি সদস্য রামপদ সানা বলেন, গত ১৫ দিন ধরে লোনা পানি প্রবেশ করছে। এতে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে এবং ভবিষ্যৎ আবাদ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতি কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চলতি মৌসুমে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
