শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরা জেলায় শিশুশ্রম প্রতিরোধে তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার যৌথ আয়োজনে এই সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহা পরিদর্শক মো. শাহিনুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির উপ-মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ। সভায় বক্তারা বলেন, জেলার ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে শিশুশ্রম এখনো উদ্বেগজনক। এটি বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। এ জন্য মসজিদ ও মন্দিরভিত্তিক প্রচার কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সাইয়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাফফর উদ্দীন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপু হালদার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক গাজী সুজায়েত আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান, শ্রম পরিদর্শক জুবায়ের এহসান ও জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় সিদ্ধান্ত হয়, ইউনিয়ন পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি দেবহাটা উপজেলায় কর্মরত শিশুদের পুনর্বাসনে ‘সুশীলন’ কাজ করবে। বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধে প্রশাসনিক নজরদারির পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই হতে পারে টেকসই সমাধান।
