স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংহতি জোরদার করতে ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি ও স্থানীয় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে রবিবার (৫ এপ্রিল) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ‘এরফরটি’ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্বে সামাজিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ফুলবাড়ি ও সেঁনেরগাতি জামে মসজিদের ইমাম, স্থানীয় মন্দিরের পুরোহিত ও কমিটির সভাপতি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং যুব সংগঠনের সদস্যরা। সভায় ধর্মীয় নেতাদের ভূমিকা এবং যুব সমাজকে সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কীভাবে সক্রিয় করা যায় তা নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন-বিভিন্ন বয়স ও ধর্মের মানুষের পারস্পরিক যোগাযোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। অভিজ্ঞতা ও জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়। তরুণ ও প্রবীণদের যৌথ অংশগ্রহণ সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। লক্ষ্য ও উদ্যোগ ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সহনশীল সমাজ গড়ে তোলা, সামাজিক সম্প্রীতিতে প্রতিবন্ধক সমস্যাগুলো চিহ্নিত করা, স্থানীয় শান্তি কমিটিতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা, যুবদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ধর্মীয় নেতারা সামাজিক সংহতি বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য এবং ইয়ুথ ফেলো শারমিন সুলতানা।
