স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ তুলে সাংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের বাসিন্দা মো. কবির হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর পিতা গোলাম রসুল মোড়লের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত হামেজউদ্দীন গাজীর ছেলে আব্দুর রহমান গাজী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলছে। কবির হোসেনের অভিযোগ, তাঁদের পৈত্রিক সম্পত্তির প্রায় সাড়ে পাঁচ শতক জমি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে ২০২০ সালের ১৪ অক্টোবর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে বিভিন্ন সময় তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এসব ঘটনায় তাঁর মা হোসনেয়ারা খাতুন ও ভাবি রেবেকা খাতুন আহত হন। পরে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলাও করা হয়েছে। কবির হোসেন জানান, ২০২১ সালে প্রতিপক্ষরা তাঁদের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দিলে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে সমঝোতা হয়। সে অনুযায়ী জমি বিনিময়ের মাধ্যমে রাস্তার ব্যবস্থা করা হয়। তবে এরপরও বিরোধ থামেনি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ৮ আগস্ট প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া চলমান মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও তাঁর ভাইকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। সাংবাদিক সম্মেলনে কবির হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
