ঢাকাWednesday , 4 March 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ধনীদের সম্পদের ওপর আল্লাহ দরিদ্রদের অধিকার নির্ধারণ করেছেন: এমপি ইজ্জত উল্লাহ

news_admin
March 4, 2026 11:24 pm
Link Copied!

কলারোয়া ব্যুরো: সাতক্ষীরার কলারোয়া উপজেলা-এ দারিদ্র্য বিমোচনে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। প্রবন্ধে তিনি যাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জনের সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও পরিকল্পিত যাকাত ব্যবস্থা দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান-এর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, “যাকাত কোনো অনুগ্রহ নয়। রাসুল (সা.) বলেছেন, ধনীদের কাছ থেকে আদায় করে অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করতে হবে। ধনীদের সম্পদের ওপর আল্লাহ বিত্তহীনদের অধিকার নির্ধারণ করেছেন, যা আদায় করা বিত্তবানদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন সিয়াম ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, আর রমজান মাস হলো তাকওয়া অর্জনের মূল সময়। রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে আপোষহীনভাবে কাজ করতে হবে।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে। বিপ্লব সফল হলে রাষ্ট্রের কাছে যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব ন্যস্ত হবে এবং সরকারিভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় তা পরিচালিত হবে। বর্তমানে রাষ্ট্রীয়ভাবে এ ব্যবস্থা কায়েম না থাকায় দলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে যাকাত আদায় ও বণ্টন কার্যক্রম পরিচালনা করছে। কুরআনে নির্ধারিত আটটি খাত বিবেচনায় রেখে নিয়মতান্ত্রিকভাবে যাকাত বণ্টন করা হচ্ছে। সাহেবে নিসাব ব্যক্তিদের এই কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এসময় সেমিনারে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, খুলনা বিএল কলেজের অবসরপ্রাপ্ত অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।