আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভাঙন ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সচেতন মহল। জানা গেছে, প্রশাসনের নজর এড়িয়ে বা প্রভাবশালীদের সহযোগিতায় এক শ্রেণির ব্যবসায়ী খাল, ঘের ও পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে পরিবেশ ঝুঁকির মুখে পড়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে প্রতাপনগর, আনুলিয়া ও খাজরা ইউনিয়নে সবচেয়ে বেশি বালু উত্তোলন হচ্ছে। এছাড়া শ্রীউলা, শোভনালী ও কুল্যা ইউনিয়ন দ্বিতীয় অবস্থানে এবং বুধহাটা ইউনিয়ন তৃতীয় অবস্থানে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব অবৈধ কর্মকাণ্ড চলছে। ফলে প্রশাসনের তদারকি সত্ত্বেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙনকবলিত এলাকা থেকে বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে অনেকের ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভূগর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। এ বিষয়ে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দারের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
