ঢাকাThursday , 26 February 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে সেবার মডেল হিসেবে গড়ে তুলতে চাই: এমপি ইজ্জত উল্লাহ

news_admin
February 26, 2026 11:25 pm
Link Copied!

কলারোয়া ব্যুরো: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের আস্থার প্রতীক ও উন্নত চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তোলা হবে। প্রান্তিক জনগোষ্ঠী যাতে দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পায়, সেটি নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসাসেবা নিয়ে সরাসরি মতামত গ্রহণ করেন। এ সময় চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং রোগীদের জন্য খাবারের মান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। রোগীদের সঙ্গে আলাপকালে তিনি আশ্বস্ত করে বলেন, সরকারি হাসপাতালে কোনো ধরনের অনিয়ম বা সেবায় অবহেলা সহ্য করা হবে না। পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, “চিকিৎসক ও নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি। আপনাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতায় সাধারণ মানুষের মুখে হাসি ফুটতে পারে।” তিনি হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং বন্ধ থাকা অপারেশন কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। হাসপাতাল পরিদর্শনের আগে সংসদ সদস্য কলারোয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।