আলমগীর কবির, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানুয়ারি ২০২৬ মাসের ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেন কালিগঞ্জ থানার কনস্টেবল (৯৬১) মো. আসাদুজ্জামান। জেলা পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে তাঁর কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মনিষ্ঠা জেলা পুলিশের নজরে আসে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম) বলেন, “জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। কর্মদক্ষতার স্বীকৃতি বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে এবং সেবার মান উন্নত করে।” তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মাননা সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।
