কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। তিনি কলারোয়া পৌরসভা, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও কেরালকাতা ইউনিয়ন পরিদর্শন করেন। এসময় তিনি নির্বাচনে সমর্থন ও ভালোবাসার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এমপি ইজ্জত উল্লাহ বলেন, “আপনাদের সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।” তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিক কার্যকর করা, শিক্ষাখাত উন্নয়ন ও সরকারি প্রতিষ্ঠান সংস্কারের পাশাপাশি সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সফরকালে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। এদিন তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতা।
