আব্দুর রহমান: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সৃজনশীল উদ্যোগে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এবার সম্মানিত করা হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এ। জেলার শিক্ষা অঙ্গনে আলো ছড়ানো এসব মানুষ ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (২১ মে) সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত তালিকায় জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদরের সাতানী ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। অন্যদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হয়েছেন শিউলি খাতুন, যিনি খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মনজুরুল ইসলাম। তিনি কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মোছাঃ জান্নাতুল ফেরদৌস। তিনি সদর উপজেলার বাটকেখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাব কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হয়েছেন মোঃ অলিউল ইসলাম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন শেখ মর্জিনা খাতুন। এ ছাড়া শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাজমা সুলতানা। শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান আলী। প্রশিক্ষণ কার্যক্রমে অবদানের জন্য শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউপিইটিসি) নির্বাচিত হয়েছেন বৈদ্যনাথ সরকার। আর পিটিআই পর্যায়ে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হয়েছেন প্রভাষ কুমার বিশ্বাস। জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদুর রহমান। একই সঙ্গে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন অর্ণব দত্ত। অন্যদিকে জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে ফিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রম আগামী ২৩ মে খুলনায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাতক্ষীরা জেলার নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানপ্রধানদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৩ মে শনিবার সকাল ৯টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে সাতক্ষীরাসহ বিভাগের বিভিন্ন জেলার নির্বাচিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানপ্রধানরা অংশ নেবেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচিতদের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণসহ যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
