স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার সভাপতিত্বে অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: শাহানাজ বেগম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তা। অগ্নি মহড়া ও আলোচনা শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা আগাম প্রস্তুতির গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে গুরুত্বারোপ করেন।
