শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মাসখানেক আগে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় খোয়া যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শ্যামনগরের ফুলতলা মাজাট এলাকার মো. মোদাচ্ছের আলম লিটনের বাড়িতে চোরচক্র হানা দেয়। তারা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং স্বর্ণের রুলি, নেকলেস, চেইন, কানের দুল ও রুপার বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর শ্যামনগর থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। গত ৮ মার্চ রাতে ঢাকা জেলার আশুলিয়ার নলাম বাগবাড়ি এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি শ্যামনগরের ফুলতলা মাজাট গ্রামের বাসিন্দা। সাইফুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার ভাই শেখ শিমুল হোসেনকে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে আটক করা হয়। শিমুল জানান, স্বর্ণালংকারগুলো তিনি তার বোন জাকিয়া সুলতানার কাছে গচ্ছিত রেখেছিলেন। পরে মানিকগঞ্জ সদরের জায়গির ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি স্টিলের বাক্সে রাখা লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে আরও জানা গেছে, চুরি হওয়া কিছু অলংকার ইতোমধ্যে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারের একটি স্বর্ণের দোকানে গলিয়ে ফেলা হয়েছিল। পুলিশ সেখান থেকেও গলিত স্বর্ণ উদ্ধার করেছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার আরেক আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছিল। শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। খোয়া যাওয়া সম্পদের বড় অংশ উদ্ধার হওয়ায় ভুক্তভোগী পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে।
