শ্যামনগর প্রতিনিধি: সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প দেশের ১৪টি উপজেলা ও থানায় পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। তবে সাতক্ষীরার শ্যামনগরসহ জেলার কোনো উপজেলাই আপাতত এ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ইউএনও জানান, ভবিষ্যতে প্রকল্পটি দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হলে শ্যামনগরেও এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে। কিন্তু বর্তমানে শ্যামনগরে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো কার্যক্রম বা তথ্য সংগ্রহ শুরু হয়নি। তিনি আরও উল্লেখ করেন, এ নিয়ে কেউ যেন গুজবে কান না দেন এবং সরকারি ঘোষণা ছাড়া কাউকে ব্যক্তিগত তথ্য বা অর্থ প্রদান না করেন। কোনো প্রকার নিবন্ধন, ফরম পূরণ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানান। ঘোষণায় সতর্ক করে বলা হয়, ফ্যামিলি কার্ডের নামে কারও বিরুদ্ধে আর্থিক লেনদেন বা প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্প-সংক্রান্ত যেকোনো তথ্য সরকারি মাধ্যমেই জানানো হবে। তাই বিভ্রান্তি এড়াতে সবাইকে সরকারি নির্দেশনার অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
