হাফিজুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩/৩-এর ৮ আরবি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব ওষুধ পাচারের চেষ্টা করছিল। চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত ওষুধ সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ ধরনের চোরাচালানবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা এ অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
