কালিগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৩০ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স মার্কেট সংলগ্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার মোঃ আবুবকর সিদ্দীকের সহযোগিতায় বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল চিনি, ছোলা, ডাল, চাল ও সয়াবিন তেল। প্রতিটি প্যাকেজের মোট মূল্য ৬০০ টাকা, যেখানে চিনি প্রতি কেজি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, ডাল ৬০ টাকা, চাল ৩০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে সরবরাহ করা হয়েছে। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল কার্যক্রম পরিদর্শনকালে বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্মার্ট কার্ডভিত্তিক এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরা নির্ধারিত মূল্যে পণ্য পেতে পারেন।” স্থানীয়রা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। বিশেষ করে রমজান মাসে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয়ভার কিছুটা হ্রাস করছে। সংশ্লিষ্টরা জানান, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও স্মার্ট টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
