মাসুদ রানা, চন্দনপুর: সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, “মাহে রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা অর্জনের শ্রেষ্ঠ সময়। রমজানের এই পবিত্র শিক্ষাকে ধারণ করে আমরা চন্দনপুরসহ পুরো এলাকাকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য সাধারণ মানুষকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সমাজ উপহার দেওয়া।” রবিবার (৮ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুরস্থ চান্দুড়িয়া বাজারের কে সি জি ঈদগাহ ময়দানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, “সিয়াম সাধনা আমাদের লোভ-লালসা পরিহার করতে শেখায়। একজন মুমিন কখনো অন্যের হক নষ্ট করতে পারে না বা দুর্নীতি করতে পারে না। আমি এমপি হিসেবে আপনাদের আশ্বস্ত করছি—এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বা জুলুমবাজের স্থান হবে না। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, ভয়হীন ও শান্তিময় এক নতুন সাতক্ষীরা আমরা উপহার দেব।” ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আখতার ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, সূরা সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য জাহিদ হাসান মিঠু, মাস্টার আব্দুল করিমসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
