প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় নাগরিক সমাজ সংগঠন (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাগরিকতা কর্মসূচির সাম্প্রতিক কার্যক্রম, সিএসও নেটওয়ার্ক সদস্যদের ভূমিকা এবং জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বদেশ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো. আজারুল ইসলাম। সভায় নাগরিকতা প্রোগ্রামের বিগত মাসের কাজের অগ্রগতি ও অর্জন পর্যালোচনা করা হয়। পাশাপাশি এলাকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। সভায় বক্তারা সাতক্ষীরায় সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনসহ দেশের বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনার প্রতিবাদে সিএসও নেটওয়ার্কের উদ্যোগে সম্মিলিতভাবে একটি প্রতিবাদ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সিএসও নেটওয়ার্কের সদস্য ও জেলা নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওসিসির প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সিডব্লিউসিএসের অরিফুর রহমান, ওয়াইজিজি গ্রুপের আহ্বায়ক শাহানাজ পারভীন, মহিলা পরিষদের সম্পাদিকা জ্যোৎস্না দত্ত এবং আশা লোককেন্দ্রের সভাপতি রূপা মিত্রসহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।