ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কচুয়া গ্রামের ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের জহিরুল ইসলাম (৩২)। তাঁদের বিরুদ্ধে আশাশুনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

অন্য তিনজন হলেন পাইকগাছার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ফকরাবাদ গ্রামের সাইফুল গাজী (৩৬), বাসুদেবপুর গ্রামের আবু রাশেদ গাজী এবং কালীগঞ্জের একটি মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত উত্তর গোদাড়া গ্রামের আবুল কালাম (৫৭)।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। অপর তিনজন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার দুপুরে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।