আজ ১২ নভেম্বর উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: একদিকে নদীর ভাঙন, অন্যদিকে লবণাক্ত পানির আগ্রাসন। কোথাও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বসতভিটা বিলীন হচ্ছে, কোথাও সুপেয় পানির জন্য মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে মানুষকে। জীবিকার পথ সংকুচিত হয়ে আসায় অনেকে পৈতৃক ভিটা ছেড়ে ছুটছেন শহরের দিকে। কিন্তু সেখানেও অপেক্ষা করছে নতুন সংকট—জলাবদ্ধতা, বস্তিজীবন, বেকারত্ব ও নাগরিক সুবিধার অভাব। এ যেন উপকূলের মানুষের এক সংকট থেকে আরেক সংকটে ছুটে চলার গল্প।
আজ ১২ নভেম্বর উপকূল দিবস। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় জনপদে নেমে এসেছিল ভয়াবহ মানবিক বিপর্যয়। ৫৬ বছর পেরিয়ে গেলেও উপকূলের মানুষের নিরাপত্তা, জীবিকা ও পরিবেশগত সংকটের স্থায়ী সমাধান এখনো অধরা। বিশেজ্ঞরা বলছে, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি মানুষের প্রতিদিনের বাস্তবতা।
তাসলিমা খাতুনের বাড়ি ছিল সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন হিসেবে পরিচিত গাবুরায়। প্রতিবছর ঝড় ও জলোচ্ছ্বাসের শিকার এ এলাকায় তাসলিমার পরিবার বেশ কয়েকবার দুর্যোগের কবলে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে দুই ছেলেমেয়ে নিয়ে দশ বছর আগে তিনি আশ্রয় নিয়েছেন সাতক্ষীরা শহরের কুকরালি বস্তিতে। তাসলিমা বলেন, ‘ভিটামাটি ছেড়ে সাতক্ষীরায় এসেছি কাজ করে ভালো থাকব বলে। পুরো বর্ষাকাল বসবাস করতে হয়েছে পানির মধ্যে। শহরেও কাজ নেই বললে চলে।’
একই এলাকার রেহেনা খাতুন থাকেন শহরের ইটেগাছা বস্তিতে। তিনি বলেন, ‘নদীভাঙনে ঘরবাড়ি চলে যাওয়ার পর শহরে এলাম একটু ভালো থাকার জন্য। এখানে এসে পানির মধ্যে থাকতি হচ্ছে বছরের ছয় মাস। অন্য কোথাও যাওয়ার জায়গা পেলি সেখানে চলে যাতাম।’
সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানা যায়, ৩১ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় বর্তমানে লোকসংখ্যা ২ লাখের কিছুটা বেশি। ২০১১ সালের জরিপে লোকসংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার। উপকূলীয় এলাকা থেকে লোকজন ঘরবাড়ি ও কাজ হারিয়ে সাতক্ষীরা শহরে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে পৌর এলাকায় গড়ে উঠেছে ৪৭টি বস্তি। প্রতিটি বস্তিতে ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। দুর্যোগে বসতভিটা ও জীবিকা হারানো মানুষের একটি অংশ আশ্রয় নিচ্ছে সাতক্ষীরা শহরে। কিন্তু শহরের সীমিত নাগরিক অবকাঠামো বাড়তি জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। শহরের বিভিন্ন বস্তি ও নিম্নাঞ্চলে বসবাসকারী অনেক পরিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ পানির সংকটে পড়ে। কাজের সুযোগ সীমিত হওয়ায় তাদের জীবনযাত্রাও অনিশ্চিত।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষকদের একটি গবেষণায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ উপকূলের ২২টি শহরের জলবায়ু ঝুঁকি ও দুর্বলতার চিত্র উঠে এসেছে। গবেষণায় কলারোয়া, পাইকগাছা, চালনা, মোরেলগঞ্জ, পাথরঘাটা ও কুয়াকাটাসহ কয়েকটি শহরকে উচ্চ ঝুঁকির মধ্যে চিহ্নিত করা হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু গ্রামীণ জনপদে সীমাবদ্ধ নেই; উপকূলীয় শহরগুলোর পরিকল্পনা ও নাগরিক সেবাকেও নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাহীনভাবে চিংড়িঘের সম্প্রসারণ, বাঁধ কেটে বা ছিদ্র করে নদীর পানি প্রবেশ করানো এবং মিঠাপানির উৎস নষ্ট করা উপকূলের ঝুঁকি বাড়ায়। তাই কৃষি, মৎস্য ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি ধারণ করে ২০১৫ সাল থেকে বিভিন্ন সংগঠন ও সামাজিক উদ্যোগে উপকূল দিবস পালিত হয়ে আসছে। উপকূলীয় মানুষের অধিকার, নিরাপত্তা ও জলবায়ু ন্যায্যতার দাবি সামনে আনতেই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিবছর দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হলেও এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।




