স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল রোববার শহরের পলাশপোল আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সাতক্ষীরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন, নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহার এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর কৌশল সম্পর্কে জানানো হয়। বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু চালকদের দায়িত্ব নয়; পথচারী, যাত্রী ও শিক্ষার্থীসহ সবার সচেতন আচরণ জরুরি। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজ ব্যবহার, চলন্ত গাড়ির সামনে দিয়ে না যাওয়া এবং মোটরসাইকেলে চালক ও আরোহী উভয়ের হেলমেট পরার ওপর গুরুত্ব দেন তাঁরা। কর্মশালায় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম শামীম, সাতক্ষীরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দিন ফারুকী, অধ্যক্ষ রবিউল ইসলাম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সাইন, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। বিআরটিএ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।