ডেস্ক রিপোর্ট: ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধির পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি হুমকি বন্ধ, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) ইরানের ওপর নতুন করে সামরিক হামলার আশঙ্কা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জাখারোভা বলেন, যারা আবারও হামলার হুমকি দিচ্ছে, তাদের এর সম্ভাব্য পরিণতি বিবেচনা করা উচিত।
তিনি বলেন, ইরানকে ঘিরে পরিস্থিতি এখনো জটিল। দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের শিকার হয়েছে। সংঘাতের সমাধান এখনো হয়নি এবং এটি নিকটপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকটের সঙ্গেও জড়িয়ে পড়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন। মস্কো মধ্যস্থতাকারীদের উদ্যোগকে সমর্থন করছে এবং নিজেরাও আলোচনাপ্রক্রিয়ায় অংশ নিচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং তা বাস্তবায়নে সহায়তা করতেও রাশিয়া প্রস্তুত।




