স্টাফ রিপোটার: সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ডিউ লেটার এর সফল বাস্তবায়নের ফলশ্রুতিতে তাঁর নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও হাটবাজার সংস্কারের জন্য ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভার ঐতিহাসিক সিদ্ধান্তের আলোকেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই বরাদ্দ নিশ্চিত করেছে।
সূত্রমতে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার অবহেলিত জনপদগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে তৎপর রয়েছেন হাফেজ মুহা: রবিউল বাশার। সম্প্রতি তিনি মাননীয় প্রধান মন্ত্রী বরাবর একটি ডিও লেটার প্রেরণ করে এলাকার ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং জনগুরুত্বপূর্ণ হাটবাজারগুলোর সংস্কারের জোরালো দাবি জানান। তাঁর সেই ডিউ লেটারের সূত্র ধরে এলজিইডি-র ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (৩য় সংশোধন) প্রকল্পের আওতায় এই বড় অংকের অর্থ বরাদ্দ দেওয়া হলো।
স্থানীয় এলজিইডি সূত্রে জানা গেছে, এই ১০ কোটি টাকার সুষম বণ্টনের মাধ্যমে দুই উপজেলার বহুকাঙ্ক্ষিত সড়ক ও গ্রামীণ অবকাঠামো সংস্কার করা হবে। এর মধ্যে রয়েছে— গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ-কালভার্ট উন্নয়ন: তালতলা বাজার-প্রতাপনগর সড়ক, বুধহাটা কওছারিয়া মাদ্রাসা-ওয়াপদা কবরস্থান সড়ক, বৈকরঝুটি-চাম্পাফুল সড়ক, বামনডাংগা ওয়াপদা-ভোলাখাল এবং রামনগর সাতমোড়ক-বলাবুনিয়া সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্পেটিং ও সংস্কার কাজ। হাট-বাজার সংস্কার ও আধুনিকায়ন: বসুখালী, বদরতলা, বুধহাটা, কালাবাগী, বড়দল, আশাশুনি সদর, মহিষকুড়, খাজরা, একসরা, তালতলা ও তেতুলিয়াসহ একাধিক জনবহুল ও ঐতিহ্যবাহী হাট-বাজারের অবকাঠামোগত উন্নয়ন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকার গত ৮ নভেম্বর ২০২৬ তারিখের স্মারক নং-৪৬.০২.০০০০.৯৭৪.৯৯.০০১.২০২০-১৬৮২(৬৪)-এর নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা নির্বাহী প্রকৌশলীকে দ্রুততার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাক্কলন পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সড়ক ও অবকাঠামো উন্নয়ন স্কীমের এবং আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে রক্ষণাবেক্ষণ স্কীমের প্রাক্কলন প্রেরণের কাজ সম্পন্ন করতে হবে।
দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট ও বেহাল বাজারগুলোর সংস্কারের জন্য এই বিশাল অঙ্কের সরকারি বরাদ্দ অনুমোদিত হওয়ায় আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করছেন, সাংসদ হাফেজ মুহা: রবিউল বাশারের এই যুগান্তকারী পদক্ষেপে এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে এক নতুন গতি আসবে।




