ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর সেখানে পৌঁছালে হাজারো নারী-পুরুষ তাদের স্বাগত জানান। এ সময় জনতার উদ্দেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জনতার উচ্ছ্বাসের প্রতি সম্মান জানিয়ে তিনি ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ভাটিয়াপাড়ার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বরে পথসভায় অংশ নেবেন লংমার্চের নেতারা। এরপর যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া লংমার্চের পথে বিভিন্ন স্থানে গণজমায়েতে বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় নেতাকর্মীরা লংমার্চের বহরকে অভিবাদন জানাবেন।
এর আগে সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেয় লংমার্চের বহর। সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু হয়।




