ডেস্ক রিপোর্ট: যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার এক বার্তায় নতুন দাম ঘোষণা করে কমিশন। আজ রাত ৮টা থেকে এ মূল্য কার্যকর হবে।
এদিকে, ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দামও ২২৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১২ কেজির সিলিন্ডারের নতুন নির্ধারিত দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে এলপিজির দাম নির্ধারণ করা হয়। এসব বিষয় প্রতি মাসে পর্যালোচনা করে ভোক্তাপর্যায়ে দাম সমন্বয় করে কমিশন।
তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। কমিশনের বেঁধে দেওয়া দামে বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে কি না, তা নিয়েও ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন করে দাম বাড়ানোর ফলে রান্নার জ্বালানি বাবদ পরিবারগুলোর মাসিক ব্যয় আরও বাড়বে।




