আবুল হাসান, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে একটি সড়ক। এতে প্রতিদিন চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কটি ঢেপখালী সুইচগেট-সংলগ্ন এলাকা থেকে ইছামতী সীমান্তমুখী কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সড়কটির দুরবস্থার কারণে যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। এদিকে, সড়ক সংস্কারের জন্য স্থানীয় জলাশয় থেকে বালি উত্তোলন করে ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, নিয়মনীতি না মেনে বালি উত্তোলন করা হলে জলাশয় ও পরিবেশের ক্ষতি হতে পারে। পাশাপাশি, যথাযথভাবে বালি বিছিয়ে রোলার দিয়ে সড়ক প্রস্তুত না করলে সংস্কারকাজ টেকসই হবে না বলেও মনে করছেন তাঁরা। এলাকাবাসীর দাবি, জলাশয় থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন বন্ধ করে বৈধ উৎস থেকে ট্রাকে বালি এনে সড়ক সংস্কার করতে হবে। একই সঙ্গে নিয়ম মেনে বালি বিছানো ও রোলার ব্যবহারের মাধ্যমে টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির দুরবস্থা ও বালি উত্তোলনের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।