আবুল হাসান, দেবহাটা: ‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত দেবহাটা’ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার দেবহাটায় মতবিনিময় সভা করেছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকাস্থ দেবহাটা সমিতির সহসভাপতি রিয়াজুল ইসলাম হাসার। সঞ্চালনা করেন ফেয়ার মিশনের পরিচালক আবদুল কাদের মহিউদ্দীন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দিকী, ঢাকাস্থ দেবহাটা সমিতির সদস্য ও ফেয়ার মিশনের ঢাকা শাখার সভাপতি এবং বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও সুমন হোসেন। সভা শেষে পারুলিয়া বাজারসহ বিভিন্ন বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও ব্যানার বিতরণ করা হয়।