আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ (প্রভাষক) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, রহমাতুল্লাহ আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি প্রতাপনগরের সুলতান আহমেদ ময়রার একমাত্র সন্তান। শনিবার নিজ বাড়িতে ধানখেতে মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, রোববার সকাল নয়টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।