আশাশুনি প্রতিনিধি: পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি আশাশুনি সরকারি কলেজ মসজিদের সামনে থেকে শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির অধ্যাপক আব্দুস সবুর। উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, অধ্যাপক শাহজাহান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা রিয়াছাত আলী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, শাহ অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আব্দুল ওয়াজেদ, আফছার উদ্দীন খান ও ছাত্রশিবিরের সভাপতি আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা।