আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আমান উল্লাহ উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় মাছুমা খাতুনের করা লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ২১; তারিখ ২৬ অক্টোবর ২০২৬। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে আমান উল্লাহ ফকরাবাদে ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ করে বাতি নিভিয়ে দেন। এ সময় ভুক্তভোগী শয়নকক্ষে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তাঁকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত পালিয়ে যান। পরে সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আমান উল্লাহকে গ্রেপ্তার করে।