ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরাম যৌথভাবে এ মেলার আয়োজন করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুরক্ষাবিষয়ক বিভিন্ন মডেল ও প্রদর্শনী উপস্থাপন করে। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকেরা জানান, এ ধরনের মেলার মাধ্যমে শিশু-কিশোরদের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা সম্ভব হবে।