শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত কমিটির আয়োজনে এক কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর)সন্ধ্যায় বড়দল ইউনিয়ন জাসাসের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান। নবগঠিত কমিটির নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাসাসের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করার তাগিদ দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাচ্চু এবং উপজেলা জাসাসের সদস্য সচিব ইমরান হোসেন টিটো। প্রধান অতিথির বক্তব্যে শেখ জিল্লুর রহমান বলেন, “দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাসাসের ভূমিকা চিরকাল অগ্রগণ্য। বড়দল ইউনিয়নের এই নবগঠিত কমিটি আগামী দিনে জাসাসের হাতকে আরও শক্তিশালী করবে এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।” বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দলকে সুসংগঠিত করতে নবগঠিত কমিটির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বড়দল ইউনিয়ন জাসাস ও আশাশুনি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।