আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুধহাটা ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। এতে ইউনিয়নের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুয়াজ বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হোসেন। স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নৈতিকতার বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।