এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে প্রার্থীর ছবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মোটরসাইকেলের বহরে অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও সমর্থকেরা। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জামায়াতের পেশাজীবী বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান হোসেন ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী। সভায় আরও উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, সেক্রেটারি মাওলানা আল-আমিন, নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার। এ ছাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক, ব্যবসায়ী, শিক্ষক, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রার্থীর কর্মী-সমর্থকেরা অংশ নেন।