তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছেন সাংবাদিকেরা। এ সময় তাঁর দ্রুত অপসারণের দাবি জানানো হয়। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা উপজেলা প্রেসক্লাব ও তালা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির গণমাধ্যমকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য অনাকাঙ্ক্ষিত। এ ধরনের বক্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়েও প্রশ্ন তৈরি করে। বক্তারা আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেশাদার ও যথাযথ প্রক্রিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডা. মিজানুর রহমান এর আগে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন বলে সংশ্লিষ্ট দপ্তরাদেশে উল্লেখ রয়েছে। দপ্তরাদেশের নম্বর ৪৫.৪০.০০০০.০০২, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৪। তবে ওই তদন্তের ফলাফল সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। মানববন্ধন থেকে ডা. মিজানুর রহমানের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত অপসারণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
গণমাধ্যমকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য তালায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
গণমাধ্যমকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য তালায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন




