তালা প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় আট দলীয় নকআউট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় তালার ভায়ড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভায়ড়া শাহাপুর বাজার বণিক সমিতি ও এলাকাবাসী যৌথভাবে এর আয়োজন করে। উদ্বোধনী ম্যাচে তালার মহান্দী দল খুলনার ডুমুরিয়া বন্ধু মহলকে হারিয়ে জয়লাভ করে। খেলা দেখতে মাঠে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বিশেষ অতিথি ছিলেন তালা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কবির হোসেন। খেলা পরিচালনা করেন সামছুর সরদার ও আবুল কাশেম শেখ। আয়োজকেরা জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানার্সআপ দলকে একটি ফ্রিজ পুরস্কার দেওয়া হবে।