আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিল নাটানা গ্রামে ইটের রাস্তা সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দের অর্থে যথাযথ কাজ হয়নি দাবি করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তা তহবিলের দ্বিতীয় কিস্তির বরাদ্দ থেকে বিল নাটানা হেরিং বন্ড রাস্তা থেকে নাটানা কৃষ্ণ মন্দিরগামী ৮০০ ফুট ইটের রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য তপন সরকারের তত্ত্বাবধানে কাজটি করা হয় বলে স্থানীয়রা জানান। পূর্ব নাটানার বাসিন্দা মহাদেব মণ্ডল অভিযোগ করেন, সংস্কারকাজে রাস্তার সব ইট তোলা হয়নি। প্রায় ১ হাজার ২০০ ইট ব্যবহার করে সামান্য বালি দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছে। প্রথমে দুই ট্রলি বালি ব্যবহার করা হলেও স্থানীয়দের আপত্তির পর আরও দুই ট্রলি বালি ফেলা হয়। রাস্তার পাশের ঢালেও সামান্য মাটি দেওয়া হয়েছে। এভাবে কাজ করায় যানবাহন চলাচলে রাস্তা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা শিল্পী মণ্ডল বলেন, ৮০০ ফুট রাস্তা সংস্কারের কথা থাকলেও প্রায় ৬০০ ফুটে কাজ করা হয়েছে। রাস্তার কিছু অংশে পুরোনো ঘাস এখনো দেখা যাচ্ছে। সেখানে ইট না তুলে পাশ থেকে কয়েকটি ইট তুলে সামান্য বালি দিয়ে বসানো হয়েছে। রাস্তার পাশের ঢালের মাটিও ইতিমধ্যে ধসে পড়তে শুরু করেছে। বৃষ্টি হলে ইট দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষক কনক চন্দ্র মণ্ডল বলেন, মিস্ত্রিদের ভালোভাবে কাজ করতে বলা হলেও তাঁরা তা করেননি। তাঁদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ১ হাজার ২০০ ইট ও চার ট্রলি বালি দিয়ে সংস্কারকাজ শেষ করা হয়েছে। কাজে যুক্ত শ্রমিক মেঘনাথ মণ্ডল জানান, রাস্তার সংস্কারকাজে ছয় দিন ৩০ জন শ্রমিক কাজ করেছেন। পরে বালি ফেলার কাজে আরও দুজন শ্রমিক যুক্ত হন। রাস্তার পাশের ঢালে মাটি দেওয়ার কাজে তিন দিনে ৬ হাজার টাকা খরচ হয়েছে। অভিযোগের বিষয়ে ইউপি সদস্য তপন সরকার বলেন, ‘ওই রাস্তার কাজটা আমার না, কাজ করেছেন চেয়ারম্যান সাহেব।’ তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা কাজের পরিমাণ ও গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আশাশুনিতে ইটের রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ
আশাশুনিতে ইটের রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ




