বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার তালার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল খালেকের কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে তিনি নিহতের কবর জিয়ারত করেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম, খলিষখালী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার শহিদুল্লাহ, আব্দুল হাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। গত শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিরা চারা বটতলা এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লংমার্চফেরত একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন।