বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এস এম শহিদুল ইসলাম।
২০ অক্টোবর (বুধবার) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপের সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের খোঁজখবর নেন। একই সঙ্গে সার্বিক নিরাপত্তাসহ উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মণ্ডপ পরিদর্শনকালে যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী এস এম শহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার দেশ। শত শত বছর ধরে এ দেশে আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে মিলেমিশে বসবাস করে আসছি। উৎসব যার যার, কিন্তু আনন্দ সবার। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে তাঁদের উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি।
“শ্রীউলা ইউনিয়নে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপপ্রয়াস সহ্য করা হবে না। সনাতন ধর্মের ভাই-বোনেরা যেন নির্ভয়ে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য যুবদলসহ বিএনপির প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে প্রহরী হিসেবে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিলন মেহেদী, যুগ্ম আহ্বায়ক নূর ইসলামসহ যুবদল, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা যুবদল নেতৃবৃন্দের এ শুভেচ্ছাবার্তা ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।