ডেস্ক রিপোর্ট:সাতক্ষীরা সদর থানার চাঞ্চল্যকর জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরের কাঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হুজাইফা শহরের ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান ফটকের সামনে রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ সময় আসামিরা দোকানদার রবিউলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তাঁর প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান প্রতিবাদ জানান।

এর জেরে আসামিরা বাপ্পীকে মারধর করে এবং ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে গুরুতর জখম করে। বাপ্পীকে রক্ষা করতে তাঁর ছোট ভাই জাকারিয়া খান এগিয়ে এলে আসামিরা ধারালো চাকু দিয়ে তাঁর বাম বুকে আঘাত করে।

পরে জাকারিয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাতক্ষীরা এসআরবি-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।