কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ডের পাশে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে মৌতলা ইউনিয়নের পরমান্দকাটি গ্রামে কাজী মোহর আলীর মালিকানাধীন বিসমিল্লাহ তুলার গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গোডাউনে আগুনের সূত্রপাত হতে পারে। গোডাউনের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা তুলা ও ঝুট পুড়ে আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।