স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে যে উন্নয়ন হয়েছে, তা অভূতপূর্ব। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হচ্ছে। পাটকেলঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবলু মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। সভায় আরও বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিএনপি নেতা হাফিজুর রহমান, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, মন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।