স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার তালতলা-মাগুরা এলাকায় ডোবা থেকে উদ্ধার হওয়া বোরকা পরিহিত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তিনি সাতক্ষীরা শহরতলীর খেলারডাঙী এলাকার মনসুর আলীর মেয়ে কোহিনুর বেগম (৩৪)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকায় এ নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা গ্রামের বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী ও তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম ভ্যানে বালু লোড দেওয়ার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে প্রস্রাব করতে যান। এ সময় পাশের ডোবায় এক নারীর মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ডোবার পানিতে কালো বোরকা পরিহিত নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়। প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, উদ্ধার হওয়া নারী খেলারডাঙী এলাকার মনসুর আলীর মেয়ে কোহিনুর বেগম। সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি কোহিনুর বেগমের বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কোহিনুর বেগমের মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সাতক্ষীরায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে




