স্টাফ রিপোর্টার: “ভোট দিতে দূরগ্রাম যাবো না, স্থায়ী কেন্দ্র চাই নিজগ্রাম”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। দাবি পূরণ না হলে আসন্ন নির্বাচনে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঁচপোতা বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শাহীন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন মোড়ল, আলহাজ্ব আব্দুল কাদের মোড়ল, দেবহাটা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের ডাবলু, সমাজসেবক কামরুজ্জামান খোকা, আব্দুল গফুর গাইন, স্বপন কুমার মণ্ডল, নিতাই কুমার মণ্ডল, আমির আলী গাজী, জিয়াউর রহমান ও শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, রত্নেশ্বরপুর গ্রামে বর্তমানে নারী-পুরুষ মিলিয়ে ভোটার সংখ্যা ১ হাজার ২২০ জন। অথচ এসব ভোটারকে ভোট দিতে প্রায় দুই কিলোমিটার দূরের অন্য কেন্দ্রে যেতে হয়। এতে বিশেষ করে নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। তাদের দাবি, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ৭০০ ভোটার থাকলেই একটি স্থায়ী ভোটকেন্দ্র স্থাপনের সুযোগ রয়েছে। সেখানে রত্নেশ্বরপুর গ্রামে নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি ভোটার থাকা সত্ত্বেও নিজ এলাকায় স্থায়ী ভোটকেন্দ্র নেই। বক্তারা আরও বলেন, ভোটারদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত স্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তারা। মানববন্ধন থেকে এলাকাবাসী ঘোষণা দেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আসন্ন নির্বাচনে তারা ভোট বর্জনের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধনে ভোট বর্জনের হুঁশিয়ারি




