আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে এক পুরিয়া গাঁজাসহ ডালিম খান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০১ টাকা জরিমানা করা হয়। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কাদাকাটি ইউনিয়নের শাহনগর গ্রামে তৈয়বুর রহমানের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ডালিম খান মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত মোসলেম খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে,আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহাঙ্গীর আরিফের নির্দেশনায় এস আই কাছেদ মুন্সী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় ডালিম খানের পরিহিত লুঙ্গির ডান পাশের কোচরে সাদা কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। পুলিশের উপস্থিতিতে তিনি নিজ হাতে সেটি বের করে দেন। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডুকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ডালিম খানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০১ টাকা জরিমানা করেন। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আশাশুনি থানার ওসি মো.জাহাঙ্গীর আরিফ।