ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর এবং এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
তিনি বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং দেশের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট রয়েছে। তাই ওই দুই বাংলাদেশির বিচারিক প্রক্রিয়ায় দূতাবাস বা কনস্যুলেটের সম্পৃক্ততা ছিল কি না, তা জানা প্রয়োজন।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে মৃত্যুদণ্ড কার্যকরের পর বিষয়টি জানার কথা উঠে আসায় প্রশ্ন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দূতাবাস তার দায়িত্ব পালন করেছে কি না, তা সরকারকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রতিটি দেশ নিজস্ব আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে। তবে মৃত্যুদণ্ডের মতো গুরুতর বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে দূতাবাসের ভূমিকা স্পষ্ট হওয়া জরুরি।
ভবিষ্যতে কোনো প্রবাসী বাংলাদেশি যেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় দূতাবাসের কাছ থেকে প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার বিষয়ে সচেতন করাও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা-পর্যালোচনার চেয়ে সংশ্লিষ্টদের নিজেদের অবস্থান পর্যালোচনা করাই সবার জন্য উত্তম।




