ডেস্ক রিপোর্ট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ে জোর প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। দলীয় প্রতীক না থাকায় একই এলাকায় একাধিক নেতার প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখছে দলটির নীতিনির্ধারকেরা। এতে ভোট ভাগাভাগি ও অভ্যন্তরীণ বিরোধের আশঙ্কা এড়াতে আগেভাগেই একক প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ে স্থানীয় জনপ্রিয়তা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক অবদান ও নির্বাচনে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দিতে চায় দলটি। স¤প্রতি গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করতে নেতাদের নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করছে কেন্দ্রীয় কমিটি। এসব আলোচনায় স্থানীয় সাংগঠনিক অবস্থান, সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতামত নেওয়া হচ্ছে। বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যার সমাধান করবেন। দলে দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এরই মধ্যে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির সদস্যরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ ও বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।
স্থানীয় সরকার নির্বাচন বিভেদ এড়াতে ভিন্ন কৌশলে বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন বিভেদ এড়াতে ভিন্ন কৌশলে বিএনপি




